বিশ্বকাপ ফুটবলে আরেকটি বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। স্টার স্ট্রাইকার আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। অন্যদিকে শেষ ষোলো থেকেই বিশ্বকাপ শেষ হলো ব্রাজিলের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি ব্রাজিল। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় সেলেসাওরা। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড দুর্দান্ত সেভ করে ব্রুনো গিমারাইশের শট ফিরিয়ে দেন, যা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ভয়ঙ্কর হয়ে ওঠে নরওয়ে। ম্যাচের ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের বাড়ানো বল থেকে শক্তিশালী শটে জাল খুঁজে নেন আর্লিং হালান্ড। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।
যোগ করা সময়ের একেবারে শুরুতে আবারও আঘাত হানেন হালান্ড। ৯০+১ মিনিটে শেলদেরুপের আরেকটি নিখুঁত পাস ধরে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন এই তারকা স্ট্রাইকার। ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে কার্যত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় নরওয়ে।
শেষদিকে ৯০+১০ মিনিটে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধান কমানোর জন্যই যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় নরওয়ে।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হবে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে হতাশা নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।
গোলদাতা:
৭৯ মিনিট: আর্লিং হালান্ড (নরওয়ে) ০-১
৯০+১ মিনিট: আর্লিং হালান্ড (নরওয়ে) ০-২
৯০+১০ মিনিট: নেইমার (ব্রাজিল, পেনাল্টি) ১-২



