হামে আক্রান্ত এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
রবিবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জসিতা ইসলাম এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক জানান, মামলাটি গ্রহণের মতো আইনগত উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয়েছে।
গত ৫ জুলাই আদালতে আবেদনটি করেন হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া নয় মাস বয়সী শিশু সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ১২ জুলাই দিন ধার্য করেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়।
আবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদর উপজেলার নয় মাস বয়সী সাউদা মুসকান হামে আক্রান্ত হয়। স্থানীয় পর্যায়ে চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২২ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাদীপক্ষের অভিযোগ, হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত হয়নি। আবেদনে উল্লেখ করা হয়, ২৬ মার্চ শিশুটির মায়ের হাতে অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে সেটি শিশুর মুখে লাগাতে বলা হয়। তিনি ব্যর্থ হলে দায়িত্বরত এক সুইপার অক্সিজেন সংযোগ দেন। এর কিছুক্ষণ পর শিশুটি মারা যায়।
মামলার আবেদনে আরও দাবি করা হয়, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকা, স্বাস্থ্য ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে দেশে শতাধিক শিশু প্রাণ হারিয়েছে, যার মধ্যে সাউদা মুসকানও একজন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
তবে শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত আইনগত ভিত্তি না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।
এর আগেও একই ধরনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা একাধিক মামলার আবেদন খারিজ হয়েছিল।



