শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন বলেছেন, বৈরী আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি, তাদের সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অভিন্ন প্রশ্নপত্রে এসব পরীক্ষার্থীরও পরীক্ষা নেওয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এবার সারা দেশে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও দুর্যোগের কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।
বিবৃতিতে শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ত্রুটির ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।



