রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীবেশে এক নারীকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৮ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরএমপির মুখপাত্র গাজিউর রহমান। এ সময় শাহ মখদুম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কুমার মোহন্ত, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই ননী গোপাল উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই সকাল ৭টার দিকে ভুক্তভোগী মনি বেগম (৩৮) রাজশাহী থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাগমারার উদ্দেশে রওনা হন। সকাল ৮টার দিকে বোয়ালিয়া থানার বড়গাছী তালগাছি ব্রিজ এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী তারিকুল ইসলাম এবং সিএনজিচালিত অটোরিকশার চালক ফরহাদ তাকে চলন্ত অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পিঠে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও ট্রাভেল ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত মনি বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শফিকুল ইসলাম বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে নগরের আলীগঞ্জ এলাকা থেকে প্রথমে সিএনজিচালক ফরহাদকে এবং পরে নগরের চকপ্রসাদ এলাকা থেকে তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন, ট্রাভেল ব্যাগ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



