গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুর মহানগর যুবদলের সভা ও দোয়া মাহফিল

চব্বিশের গণঅভ্যুত্থানে রংপুরে ১৯ জুলাই শহীদ হওয়া তিনজনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগর যুবদলের উদ্যোগে রবিবার (১৯ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন।

মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহিদ মুরাদ, ইমরান আহমেদসহ সংগঠনের নেতারা।

স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদ রংপুর নগরীর জুম্মাপাড়ার ফল বিক্রেতা মেরাজুল ইসলামের স্ত্রী নাজমিন ইসলাম, পূর্ব শালবন এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মা ময়না বেগম এবং গণেশপুর এলাকার স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা বেগম বক্তব্য রাখেন।

তারা শহীদ পরিবারগুলোর পাশে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, “প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে আমাদের মনে রাখতে হবে—শহীদদের রক্তের বিনিময়েই আমরা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। শহীদ পরিবারগুলোর দেখভাল ও দেশের অগ্রগতির বিষয়ে কোনো আপস করা যাবে না।”

তিনি আরও বলেন, নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।

পরে রংপুর মহানগর যুবদলের সদস্য শহীদ মেরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও মোসলেম উদ্দিন মিলনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments