রাজশাহীতে গুজবে কান না দেওয়ার আহ্বান জেলা প্রশাসকের

জ্বালানি তেলের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ায় রাজশাহীর বিভিন্ন পেট্রোলপাম্পে মোটরসাইকেলচালকদের ভিড় দেখা গেছে। তবে জেলায় জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের সরবরাহ, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক সাধারণ মানুষের প্রতি গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য জানার আহ্বান জানান। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুত না করারও অনুরোধ করেন। তিনি বলেন, আতঙ্ক নয়, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলীর সঞ্চালনায় সভায় জ্বালানির বর্তমান সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি এবং ভবিষ্যতেও স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় পেট্রোলপাম্প মালিক ও ব্যবসায়ী নেতারা তাদের মতামত তুলে ধরেন।

সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা) অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (নেজারত ও ব্যবসা-বাণিজ্য শাখা) বোরহান উদ্দিন অন্তরসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পেট্রোলপাম্প মালিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুত করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, অযৌক্তিকভাবে তেল কিনে মজুত করলে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বেন। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments