রংপুরে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছেন ইকবাল হাসান রাকিব নামে এক ভুয়া পরীক্ষার্থী। পরে তাকে দুটি অপরাধে মোট ১১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মডেল মসজিদের নিচতলায় অবস্থিত বিআরটিএ পরীক্ষা কেন্দ্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা চলাকালে সন্দেহের ভিত্তিতে পীরগাছা উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা ইকবাল হাসান রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদের সময় সুযোগ বুঝে রাকিব বিআরটিএর অফিস সহায়ক মাসুমা আক্তারকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় রাকিব এবং প্রকৃত পরীক্ষার্থী পীরগাছা উপজেলার দেউতি নাগদাহ এলাকার আব্দুল করিমের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হয়।
পরে বিষয়টি জানতে পেরে আব্দুল করিম ও ইকবাল হাসান রাকিব বিআরটিএ পরীক্ষা কেন্দ্রে এসে ভ্রাম্যমাণ আদালতের কাছে আত্মসমর্পণ করেন। এরপর আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত প্রক্সি পরীক্ষা দেওয়ার অপরাধে ইকবাল হাসান রাকিবকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড এবং সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দেওয়ার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। এ ধরনের জালিয়াতি প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



