নোয়াখালীর সেনবাগে নিখোঁজ হওয়ার চার দিন পর আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ পৌর শহরের পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশে বিন্নাগুনি গ্রামের ফজল ব্যাপারী বাড়ির একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কাশেম উপজেলার কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে আবুল কাশেম সেনবাগ পৌর এলাকার বিন্নাগুনি গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ডোবা থেকে দুর্গন্ধ বের হতে দেখে থানায় খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



