বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (ইউএসএআরপিএসি)-এর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত ‘অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর।

গত ১৯ জুলাই শুরু হওয়া এই যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ড অংশগ্রহণ করে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতার ধারাবাহিকতায় এই মহড়ার আয়োজন করা হয়। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রস্তুতি জোরদার করাই ছিল এ অনুশীলনের মূল উদ্দেশ্য।
মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞসহ ৯২ জন সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সফলভাবে অনুশীলন সম্পন্ন করায় অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের হাতে সনদপত্র তুলে দেন এবং স্মারক হিসেবে ইনসিগনিয়া প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর, সিলেট অঞ্চলসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘টাইগার লাইটনিং-২০২৬’ অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



