রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড এলাকার স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার সকালে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষের দরজা ভেঙে পিংকি বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, হোস্টেল মালিকের সহযোগিতায় কক্ষের দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ওই কক্ষে তিনজন ছাত্রী থাকতেন। ঘটনার সময় অন্য দুই শিক্ষার্থী ছুটিতে থাকায় পিংকি একাই কক্ষে ছিলেন।
পিংকি বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামের প্রফুল্লা বিশ্বাসের মেয়ে। তিনি রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড এলাকার স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেলে থাকতেন।
পুলিশ জানিয়েছে, কী কারণে পিংকি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে ব্যক্তিগত বা প্রেমসংক্রান্ত কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।



