রাজশাহীর দুর্গাপুরে ধর্ষণের চেষ্টা ও ছিনতাই মামলার আসামি আবদুল্লাহ (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে নগরীর উপকণ্ঠ বেলপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল্লাহ দুর্গাপুর উপজেলার মাহিন্দ্রাচালক মৃত নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, গত ১৩ জুলাই ভুক্তভোগী এক গৃহবধূ (২২) পুঠিয়ার শিবপুর এলাকা থেকে অটোরিকশাযোগে স্বামীর বাড়ি দুর্গাপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অন্য যাত্রীরা নেমে গেলে অটোরিকশাচালক আবদুল্লাহ তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
এ সময় ভুক্তভোগীর গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে আবদুল্লাহ পালিয়ে যান বলে র্যাব জানিয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী দুর্গাপুর থানায় মামলা করেন। মামলার তদন্তে অগ্রগতি এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব আসামির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে বেলপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আবদুল্লাহকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



