রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শাওন (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাওন নীলফামারী সদর উপজেলার বাসিন্দা সুইট মিয়ার ছেলে। এ নিয়ে রংপুর বিভাগে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নীলফামারীতে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং লালমনিরহাট জেনারেল হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য বলছে, চলতি বছরের ৩০ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা, প্রয়োজনীয় আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ চলছে। একই সঙ্গে শিশুদের জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



