ঢাকার চারপাশের নৌপথ সচল করার সিদ্ধান্ত
রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ঢাকার নদ-নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ঢাকার চারপাশের নৌপথ পুনরায় চালুর পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী বৈঠকে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।
এ ছাড়া নদীর তীর সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নদীতীরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



