ঢামেকের জরুরি বিভাগেও হাতাহাতি, আহত ৮; পুলিশ পাহারায় এনডিবি নেতারা
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সন্ধ্যায় নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মনির মণ্ডল (৪০), হরিদাস সরকার (৩৬), নুরজাহান (৪০), মনিরুজ্জামান (৪৭), আফতাব মণ্ডল (৪০), এসডিএফের সদস্য সচিব আ ন ম আয়াস ও তাওহিদ।
ঘটনার পর আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জরুরি বিভাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে এসডিএফের নেতাকর্মীরা এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে অবরুদ্ধ করে তাকে গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় আনসার সদস্যরা এসডিএফের নেতাকর্মীদের জরুরি বিভাগ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসাধীন এনডিবি নেতাকর্মীদের লক্ষ্য করে হেলমেট ও পানির বোতল ছোড়ার অভিযোগ ওঠে।
প্রেস ক্লাবের সামনে কর্মসূচি ঘিরে সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদে এনডিবির উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। এ সময় এসডিএফের সদস্য সচিব আ ন ম আয়াসসহ কয়েকজন সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজনা বাড়লে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পাল্টাপাল্টি অভিযোগ
এসডিএফ নেতাদের অভিযোগ, কর্মসূচি চলাকালে শান্তা ফারজানা জুলাই যোদ্ধা ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছিলেন। এর প্রতিবাদ জানাতে গেলে শান্তা ফারজানার সমর্থকেরা তাদের ওপর হামলা চালান।
অন্যদিকে, নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী দাবি করেন, গত ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদেই তারা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছিলেন। সেখানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করেন, এ সময় আ ন ম আয়াস লোকজন নিয়ে এসে তাদের ওপর হামলা চালান। এতে শান্তা ফারজানাসহ এনডিবির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে পুঁজি করে এসডিএফের আয়াস বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছেন, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।
হাসপাতালের সামনে অবস্থান
ঘটনার পর মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর নেতৃত্বে একটি পক্ষ ঢামেক হাসপাতালের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয়।
তাদের অভিযোগ, শান্তা ফারজানা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ঘটনায় তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
তারা বলেন, শান্তা ফারজানাকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা হাসপাতাল ছাড়বেন না।
দেড় ঘণ্টা ব্যাহত চিকিৎসাসেবা
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের ভেতরে দুই পক্ষের হট্টগোল ও উত্তেজনার কারণে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসাসেবা ব্যাহত হয়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তা ফারজানাসহ তার দলের কয়েকজনকে নিরাপত্তার সঙ্গে হাসপাতাল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।



