সাংস্কৃতিক চর্চা থেকে তরুণ সমাজ দূরে সরে যাওয়ায় তারা মাদকের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দেশকে মাদকমুক্ত করতে হলে সংস্কৃতির শক্তিকে কাজে লাগাতে হবে এবং এ ক্ষেত্রে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অনুরাগ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, “একসময় আমাদের চলচ্চিত্র ও সংস্কৃতির স্বর্ণালি যুগ ছিল। কিন্তু সেই গৌরবময় সময় আজ অনেকটাই অতীত। যারা আন্তরিকভাবে সংস্কৃতিকে ভালোবাসবে, তারাই সংস্কৃতিকে এগিয়ে নিতে পারবে। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে পারলে দেশ ও সংস্কৃতি উভয়ই উপকৃত হবে।”
সংগঠনের সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ।
অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘অনুরাগ সম্মাননা’ প্রদান করা হয়।
সবশেষে সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেন উদীয়মান ও জনপ্রিয় শিল্পীরা।



