নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধ রাকিবকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
আহত রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।
ভুক্তভোগী রাকিবের অভিযোগ, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে স্থানীয় হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় ফেরার পথে ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় একদল অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যাওয়া হয়।
রাকিব বলেন, সেখানে আলাইয়াপুর ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করা হয়। একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান।
অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধ রাকিবকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



