আরএমপিতে পুলিশের মনোসামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীতে পুলিশ কর্মকর্তাদের মনোসামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শহর এলাকা উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের পর অনেক পুলিশ সদস্য মানসিকভাবে ট্রমাটাইজড হয়েছেন। তাদের ট্রমা কাটিয়ে মনোবল ফিরিয়ে এনে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। পুলিশ নিজে মানসিকভাবে সুস্থ ও দৃঢ় থাকলে বিপদগ্রস্ত মানুষ ও ভুক্তভোগী শিশুদের পাশে দাঁড়াতে পারবেন। তাই পুলিশের মানবিক, ধৈর্যশীল ও সংবেদনশীল হওয়ার বিকল্প নেই।’

প্রশিক্ষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব অংশ নেন। প্রশিক্ষণে শিশু আইন-২০১৩-এর আলোকে শিশুর সুরক্ষা, মানসিক বিকাশ, ট্রমার প্রভাব, আচরণগত পরিবর্তন, কার্যকর ও নিরাপদ যোগাযোগ, কাউন্সেলিং এবং মনোসামাজিক সহায়তার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের মানসিক চাপ ও ট্রমা মোকাবিলা করে কর্মক্ষেত্রে তা ইতিবাচকভাবে প্রয়োগের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

ওয়ার্ল্ড ভিশন রাজশাহী শহর এলাকা উন্নয়ন কর্মসূচির সমন্বয় ব্যবস্থাপক লোটাস চিশিমের সভাপতিত্বে প্রশিক্ষণে আরএমপির কাশিয়াডাঙ্গা, রাজপাড়া, বোয়ালিয়া, মতিহার, চন্দ্রিমা ও শাহমখদুম থানার নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তা, সহকারী উপপরিদর্শক, উপপরিদর্শক ও পরিদর্শক পদমর্যাদার ৩০ জন এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের পাঁচজন কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের শহর এলাকা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম কর্মকর্তা রিপন হালদার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments