সম্মানীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্বে যোগ দেবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, বর্তমান নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সিপিডির সম্মানীয় ফেলো হচ্ছেন।
ড. নাজনীন আহমেদ উন্নয়ন অর্থনীতি, অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন অর্থনীতিবিদ। সিপিডিতে নির্বাহী পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কাজ করেছেন। তিনি দুই বছর ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট এবং পরবর্তী সময়ে তিন বছর নিউইয়র্কে অবস্থিত ইউএনডিপি রিজিওনাল ব্যুরো ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকে পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।
ইউএনডিপিতে যোগদানের আগে ড. নাজনীন আহমেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) গবেষক হিসেবে দীর্ঘ ২৫ বছর কর্মজীবন সম্পন্ন করেন। তিনি ১৯৯৮ সালে বিআইডিএসে যোগ দেন এবং পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে রিসার্চ ডিরেক্টর হন।
ড. নাজনীন আহমেদ নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এদিকে, দীর্ঘ সাড়ে ৯ বছর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পর নতুন ভূমিকায় যাচ্ছেন অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি সিপিডির সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সিপিডির বোর্ড সভায় ড. ফাহমিদা খাতুনকে সম্মানীয় ফেলো হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে। ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত ড. ফাহমিদা খাতুন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।



