ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে উল্লেখ থাকায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে রিহ্যাব সভাপতি মো. আলী আফজালকে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তাঁর সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের নিবন্ধক, এফবিসিসিআইয়ের প্রশাসক, বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব, বাণিজ্যসচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।



