রাজধানীর পল্টনে মায়ের সঙ্গে অভিমান করে তাশফিকুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে পল্টন মডেল থানাধীন চামেলীবাগের একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত তাশফিকুল ইসলাম ফেনীর দাগনভূঞা থানার আজিজ ফাজিলপুর গ্রামের মো. মাসুদের ছেলে। পরিবার নিয়ে চামেলীবাগের ওই বাসায় থাকত সে।
নিহতের বাবা মো. মাসুদ জানান, বিকেলে খাবার খাওয়ার জন্য তাশফিকুলকে ডাকতে তার মা ঘরের দরজায় ধাক্কা দেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় তাশফিকুলকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পরিবারের দাবি, মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে অভিমান থেকে তাশফিকুল এ চরম সিদ্ধান্ত নেয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।



