রাজশাহী সিল্কের ঐতিহ্য ও গুণগত মানের প্রতি আগ্রহ থেকে রাজশাহী রেশম কারখানার শোরুম পরিদর্শন করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, এমপি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ‘জিয়ামঞ্চে’ বিভাগীয় সমাবেশে অংশ নিতে তিনি রাজশাহীতে আসেন। অনুষ্ঠান শেষে তিনি রাজশাহী রেশম কারখানার শোরুমে গিয়ে বিভিন্ন ধরনের রেশমবস্ত্র ঘুরে দেখেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য প্রায় ৫০ হাজার টাকার পছন্দের বিভিন্ন রেশমবস্ত্র কেনেন বলে জানা গেছে।
রাজশাহী সিল্ক দেশের ঐতিহ্যবাহী ও বিশ্বব্যাপী পরিচিত রেশমবস্ত্র হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে। এর উন্নত মান, নান্দনিক নকশা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে দেশ-বিদেশের ক্রেতাদের কাছে এর বিশেষ কদর রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের পাশাপাশি দেশ-বিদেশের ক্রেতাদের মধ্যেও রাজশাহী সিল্কের চাহিদা রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবারের সদস্যদের জন্য রেশমবস্ত্র কিনতে গয়েশ্বর চন্দ্র রায়ের রাজশাহী রেশম কারখানার শোরুম পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্পের প্রতি গয়েশ্বর চন্দ্র রায়ের আগ্রহ এ শিল্পের প্রচার ও প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



