সিলেটে ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২

ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা ভেঙে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ, ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার দলইরগাঁও গ্রামের হাবিবুর রহমান ও কালাইরাগ এলাকার রাসেল আহমদ।

অভিযান শেষে আটক হাবিবুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আটক রাসেল আহমদ নিজেকে ১৮ বছরের কম বয়সী দাবি করায় তাৎক্ষণিকভাবে তাকে সাজা দেওয়া হয়নি। তার জন্মনিবন্ধন যাচাই করে বয়স ১৮ বছর বা তার বেশি হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা ধ্বংস করা হয়েছে এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যজনের বয়স যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments