শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত নগর পরিক্রমার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, উৎসব সবার। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে। আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে হবে।’
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পরে জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিকভাবে নগর পরিক্রমার উদ্বোধন করেন তিনি।
নিম্বার্ক আশ্রমের সামনে থেকে নগর পরিক্রমাটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে এবং রাজিব কুমার দে ও ঝলক আচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সিলেট ইসকনের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস। স্বাগত বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্যসচিব অসীম কুমার সিংহ বাবলু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মলয় পুরকায়স্থ, গোপিকা শ্যাম পুরকায়স্থ, শিবব্রত ভৌমিক চন্দন, বিজয় কৃষ্ণ বিশ্বাস, সুব্রত দেব, তুহিন কান্তি নাগ, চন্দন দাস, অ্যাডভোকেট শংকর দাস, সবুজ তালুকদার ও সঞ্জয় সিংহ প্রমুখ।



