সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘এই দেশ আপনাদের-আমাদের সবার। ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তা বর্তমান সরকার চায় না। আমরা কোনো ধর্মীয় বিভাজনে বিশ্বাস করি না এবং কাউকে তা করতেও দেব না।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনারা নিজ নিজ ধর্ম, পেশা ও কর্ম নির্বিঘ্নে এবং নির্ভয়ে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে আমরা সবাই মিলে সুন্দর করে গড়ে তুলতে চাই। কোনো হিংসা-বিদ্বেষ, জোর-জুলুম কোনো অবস্থাতেই করতে দেওয়া হবে না।’
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে—এই দেশ সবার। সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘সবাই নিজ নিজ ধর্মীয় বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে ধর্মীয় কর্মসূচি ও উৎসব পালন করবেন। কেউ কারও ধর্মীয় কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করবেন না। আমরা শত বছর ধরে একসঙ্গে বসবাস করছি, ভবিষ্যতেও একসঙ্গে থাকব। বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মতবিনিময় সভায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনসহ সনাতন ধর্মাবলম্বী এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



