ঐতিহ্যবাহী রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রংপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চৌধুরী মাহমুদুন নবী ডলার কে সভাপতি এবং ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আব্দুলাহ হামীম কে সাধারণ সম্পাদক করে ৪৯৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক হুমায়ুন কবীর মানিকসহ নবগঠিত কমিটির সদস্য, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।
১৮৩২ সালে প্রতিষ্ঠিত রংপুর জিলা স্কুলের ১৯৪ বছরের গৌরবময় ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন এবং বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যক্রম পরিচালনা করবে। নবগঠিত কমিটি দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের একটি কার্যকর প্যাটফর্মে যুক্ত করার পাশাপাশি বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থী ও সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এছাড়াও রংপুর জিলা স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়ে বিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষার্থীদের কল্যাণ এবং বৃহত্তর সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এদিকে সংবাদ সম্মেলনের শুরুতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গনপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় সুষ্ঠুভাবে তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তির দৃষ্টান্ত শাস্তির দাবী জানানো হয়।



