বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এ সময় মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির নেতাকর্মীদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপি আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা রিজভী আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



