টেকসই খাদ্যব্যবস্থা উন্নয়নে কৃষি অধিদপ্তর ও এফআইভিডিবির সমঝোতা

কৃষি প্রতিবেশবিদ্যা ও টেকসই খাদ্যব্যবস্থা উন্নয়ন ও রূপান্তরে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চল ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বুধবার সকালে নগরীর ধোপাদিঘীর পাড়ের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ‘সবুজ বিপ্লব: খাদ্যব্যবস্থা পরিবর্তনের পথ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকের মাধ্যমে কৃষি সম্প্রসারণ সেবা, উন্নয়নকর্মী, কৃষক ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের মধ্যে সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষি প্রতিবেশবিদ্যা, টেকসই কৃষি, পুষ্টিসংবেদনশীল খাদ্যব্যবস্থা এবং জলবায়ু-সহনশীল কৃষি চর্চা বিষয়ে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় আরও শক্তিশালী হবে।

সংশ্লিষ্টরা জানান, এ অংশীদারত্বের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চার প্রসার ঘটানোর পাশাপাশি স্থানীয় খাদ্যব্যবস্থার রূপান্তরে অবদান রাখার সুযোগ তৈরি হবে। মাঠপর্যায়ের অভিজ্ঞতা, উদ্ভাবনী উদ্যোগ ও কৃষকদের অর্জিত জ্ঞান কৃষি সম্প্রসারণ সেবা এবং সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশারফ হোসেন, সিলেট জেলার উপপরিচালক মো. শামসুজ্জামান, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মুস্তাফা রাজী, জীবনমান উন্নয়ন কর্মসূচির পরিচালক মো. ফাহিম সারয়াত, কর্মসূচি সমন্বয়কারী দেলওয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী মুকুল দাস, বাজার বিশেষজ্ঞ সুলতান মাহমুদ, কৃষি প্রতিবেশবিদ্যা বিশেষজ্ঞ রেজাউল করিমসহ সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বাংলাদেশে টেকসই খাদ্যব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে সমন্বিত ও অংশীদারত্বমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments