ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, চিকিৎসা-খাবারের খরচে হিমশিম পরিবার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা বেগম। তিন সন্তানকে ঘিরে পরিবারে আনন্দের পাশাপাশি অসুস্থ মা ও নবজাতকদের চিকিৎসা, ওষুধ ও খাবারের খরচ জোগাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি।

গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কল্পনা বেগমের তিন সন্তানের জন্ম হয়। নবজাতকদের নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও বেল্লাল। জন্মের সময় হাসানের ওজন ছিল ২ কেজি এবং হোসাইন ও বেল্লালের ওজন ছিল ১ কেজি ৯০০ গ্রাম করে।

পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে তিন নবজাতকের চিকিৎসা ও খাবারের পেছনে প্রতিদিন উল্লেখযোগ্য অর্থ ব্যয় হচ্ছে। শুধু ওষুধের জন্য প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকা এবং তিন শিশুর জন্য দুই প্যাকেট ফর্মুলা দুধ কিনতে আরও ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হচ্ছে। এর মধ্যে কল্পনা বেগমের অস্ত্রোপচারের ক্ষতস্থানে ইনফেকশন দেখা দেওয়ায় চিকিৎসা ব্যয় আরও বেড়েছে।

কল্পনা বেগম বলেন, “একসঙ্গে তিন সন্তান হওয়ায় আমি অনেক খুশি। কিন্তু আমি ও আমার স্বামী দুজনই অসহায়। আমার স্বামী জায়দুল বাকপ্রতিবন্ধী। তিনি আন্ধারিঝাড় বাজারের একটি হোটেলে কাজ করেন। আমাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বর্তমানে আমি মা-বাবার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছি।”

তিনি আরও বলেন, “মানুষের সহযোগিতায় কোনোভাবে চিকিৎসা ও সন্তানদের খাবারের ব্যবস্থা করছি। কিন্তু প্রতিদিন তো কেউ সহযোগিতা করবে না। সরকারি বা অন্য কোনোভাবে সহযোগিতা পেলে সন্তানদের নিয়ে একটু নিশ্চিন্ত হতে পারতাম।”

কল্পনার মা-বাবা জানান, তারা অত্যন্ত দরিদ্র ও অসহায়। একসঙ্গে তিন নবজাতকের চিকিৎসা ও খাবারের ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সন্তানদের জীবন রক্ষা এবং চিকিৎসা চালিয়ে নিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সহযোগিতার জন্য তারা ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথের কাছে আবেদন করলে তিনি ব্যক্তিগতভাবে ৩ হাজার টাকা সহায়তা করেছেন।

পরিবারটি সরকারিভাবে কী ধরনের বা কতটুকু সহায়তা পেতে পারে, সে বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অসহায় পরিবারটির পক্ষ থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, সামাজিক সংগঠন এবং বিত্তবান ও দানশীল ব্যক্তিদের মা ও তিন নবজাতকের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সহায়তার জন্য যোগাযোগ:
কল্পনার মা: ০১৭৩০৫১৭৬৫৩
কল্পনার বাবা আবুল কালাম: ০১৭৯৫৪৯৭৫৯৮

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments