কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিশেষ অভিযানে ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় প্যান্টের পিস, বিদেশি মদ, চোরাচালানি গবাদিপশুসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।



