নোয়াখালীতে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আবর্জনা পরিষ্কার, লিফলেট বিতরণ ও মতবিনিময়সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভার মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলাতেও এ কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে দায়িত্ব নিতে হবে। আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ তৎপরতা চালানোর আহ্বান জানিয়ে তিনি নাগরিকদের প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার করার আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গু শতভাগ নির্মূল করা সম্ভব না হলেও সমন্বিত পদক্ষেপ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ সময় ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
পরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা ছাড়া এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব নয়। এজন্য প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তিনি একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভার কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী এবং এখন টিভির জেলা প্রতিনিধি নাছিম শুভ।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক ও নোয়াখালী পৌরসভার প্রশাসক ড. মো. শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।



