রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ জনের পরিবারকে ২ কোটি ১৬ লাখ টাকা সরকারি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট এক কোটি ৫০ লাখ টাকা, গুরুতর আহত ১৮ জনকে এক লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা এবং দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে না পারা ১৬ জনকে তিন লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা দেওয়া হয়।
বিআরটিএ রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিতভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হচ্ছে। আজ যারা সহায়তা পেয়েছেন, তাদের বেশির ভাগই পরিবারের প্রধান উপার্জনকারী। কেউ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আবার কেউ শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ফলে তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছে। এসব পরিবারকে মূলধন হিসেবে ব্যবহার করে স্বচ্ছলতা ফেরানোর সুযোগ করে দিতে এই সহায়তা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, কোনো পরিবারের সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হলে সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবু সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ অর্থ বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগে কাজে লাগিয়ে পরিবারগুলো স্বাবলম্বী হবে বলে সরকার প্রত্যাশা করে।



