প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
এসময় প্রধান উপদেষ্টা রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তাঁকে বিস্তারিত অবহিত করেন। বিশেষ করে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচন এবং স্থগিত থাকা দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় পরিচালনার বিভিন্ন বিষয়ে উপাচার্যকে কিছু দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ সময় রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খানসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



