ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরি হলে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। একই সঙ্গে মোবাইলে উস্কানিমূলক বক্তব্য পাওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে থানার ওসি খালিদ মনসুর গতকাল রাত ১ টার দিকে জানান, পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার আসামিদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।



