স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার মান, নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে একটি কার্যকর নীতিমালা প্রয়োজন।

তিনি বলেন, সংবাদপত্রের সম্পাদকদের সরকারের ভুল-ত্রুটি তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমগুলোও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যুগযুগান্তর পত্রিকার সম্পাদক শফিক রহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়াদিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়ার্তা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সম্পাদকদের দায়িত্ব, সাংবাদিকতার নৈতিক মানদণ্ড এবং সংবাদমাধ্যমের জন্য প্রস্তাবিত নীতিমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সম্পাদকরা এ বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments