জামিন আদেশ দ্রুত প্রেরণে নীতিমালা করতে কমিটি গঠনের নির্দেশ

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের জামিন আদেশ দ্রুততম সময়ে সংশ্লিষ্ট আদালতে প্রেরণের জন্য নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠন করে এ বিষয়ে নীতিমালা নির্ধারণ করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তারেক হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

রিট আবেদনে বলা হয়, ভারতের সুপ্রিম কোর্টের কয়েকটি নজির রয়েছে, যেখানে উচ্চ আদালতের জামিন আদেশের পর তা দ্রুততম সময়ে অনলাইনে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশেও একই ধরনের ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাজ্জাদ হোসেন, জায়েদ বিন আমজাদসহ সাতজন আইনজীবী এ রিট আবেদন করেন।

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি আদালতকে জানান, উচ্চ আদালতের (হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ) জামিন আদেশ দ্রুততম সময়ে প্রেরণের বিষয়ে একটি কার্যকর নীতিমালা প্রয়োজন। এ জন্য আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে একটি কমিটি গঠন করে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি আরও জানান, আগামী ২০ আগস্টের মধ্যে উচ্চ আদালতের আদেশ দ্রুততম সময়ে প্রেরণের বিষয়ে করণীয় সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

আদালতের এ নির্দেশনার ফলে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আদেশ পৌঁছাতে যে সময়ক্ষেপণ হয়, তা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments