নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নতুন লাউঞ্জের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাপ্টেন সার্জেন্ট রুমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই লাউঞ্জের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এর মাধ্যমে তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করতে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে উঠবে।
তিনি আরও বলেন, শিক্ষক ও কর্মকর্তারা যাতে ক্যাম্পাসের ভেতরেই স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার গ্রহণ করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই লাউঞ্জটি পরিচালিত হবে। এতে তাদের কর্মপরিবেশ আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।



