কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ২৬৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। অপর অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মাদক ও মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শিমুলবাড়ী বিওপির আওতাধীন ঠাকুরপাঠ বাজার এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহলদল। এ সময় মোটরসাইকেলযোগে আসা সন্দেহভাজন মো. বাবলু খন্দকারকে (৪০) আটক করা হয়। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা।
পরে তাঁর বহন করা ব্যাগে তল্লাশি চালিয়ে ২২৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি।

এর আগে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে রামখানা বিওপির আওতাধীন নাগেশ্বরী উপজেলার সাহাটারী এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় বিজিবির টহলদলকে দেখে এক ব্যক্তি মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩৯ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ২৬৩ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ১ লাখ ৫ হাজার ২০০ টাকা। এ ছাড়া জব্দ করা মোটরসাইকেলটির সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ২ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।
আটক বাবলু খন্দকারের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে তাঁকে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



