দেশে পর্যাপ্ত সার মজুত ও বরাদ্দ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি, পাচার বা অবৈধভাবে মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান।
সারের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কৃষকদের সারপ্রাপ্তির সমস্যা চিহ্নিত ও দ্রুত সমাধানের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব এসব কথা বলেন।
কৃষি সচিব বলেন, দেশে বর্তমানে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহ করা হবে। সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় পাচাররোধ এবং লাইসেন্সবিহীন সার ব্যবসা বন্ধে মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করতে হবে।
তিনি বলেন, কোনো কৃষি কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম ও দুর্নীতিতে জড়িত হলে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ডিলার ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিলারদের উদ্দেশে কৃষি সচিব বলেন, কেজিপ্রতি কমিশন বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করছে। তবে এর সুযোগ নিয়ে কেউ কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিতে পারবেন না। সার বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
কৃষি সচিব আরও বলেন, কৃষির আধুনিকীকরণ ও বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং ফুড প্রসেসিং জোন প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। একই সঙ্গে মাটির স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সার বিতরণ ও বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ, ডিলার পর্যায়ে মজুত ও বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে করণীয় নিয়ে আলোচনা হয়।
রংপুর বিভাগীয় প্রশাসন আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম।
এ ছাড়া সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ, র্যাব-১৩-এর অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রোবায়েত হাসানসহ বিভাগের আট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, কৃষি বিভাগের কর্মকর্তারা এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



