‘প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে তা হতে হবে সমমর্যাদার’

রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে বিশ্বের যেকোনো দেশে সফর করতে পারেন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত সফরেও প্রধানমন্ত্রীর কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সারা বিশ্বই সফর করতে পারেন। আমাদের পাশের দেশ ভারত সফর করতেও প্রধানমন্ত্রীর কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের। এখন এ দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। এ দেশের মানুষ চায় ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্ব, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের লাগাম টেনে ধরতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হয়ে যেতে পারে। তবে প্রধানমন্ত্রী তা করতে চান কি না, সেটিই বড় বিষয়।

দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। মানুষের এই আস্থা অর্জনের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের মানুষের মধ্যে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আগামী স্থানীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

রুকন সম্মেলনে বিপুল উপস্থিতি

রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

এ ছাড়া বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল খালেক।

সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদত হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের সহস্রাধিক রুকন অংশ নেন।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলেও একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments