নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই বিজয়ী। কারণ এর মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে।
তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, নোবিপ্রবির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলায়ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।
নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে ও মাহমুদুর রহমান। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড়, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফাইনালে মাইক্রোবায়োলজি বিভাগ ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে মাইক্রোবায়োলজি বিভাগ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
পরে নোবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দল এবং আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬-এর চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ ছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম, ব্যাডমিন্টন, ভলিবল ও ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।



