সৈনিক পিয়াসের নোয়াখালীর বাড়িতে শোকের মাতম

চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় নিহত হয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। দেশের সেবায় নিয়োজিত তরুণ এই সেনাসদস্যের আকস্মিক মৃত্যুতে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আবু বকর সিদ্দিক পিয়াস ওই গ্রামের আবদুল ওহাবের একমাত্র ছেলে। এক বছর আগে তিনি কন্যাসন্তানের বাবা হয়েছিলেন। ছোট্ট শিশুকন্যাকে পৃথিবীতে রেখে তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও স্বজনরা।

নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান হারুন জানান, ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দেন পিয়াস। ছোটবেলা থেকেই তিনি শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের ছিলেন। চার বোনের একমাত্র ছোট ভাই হওয়ায় পরিবারের সবার কাছেই অত্যন্ত আদরের ছিলেন তিনি। চাকরির সুবাদে স্ত্রী শুরাইয়া আক্তার ও শিশুকন্যাকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস।

পিয়াসের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাবা আবদুল ওহাব ছুটে যান চট্টগ্রামে। একমাত্র সন্তানকে হারিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্ত্রী শুরাইয়া আক্তার, মা পারভিন আক্তার ও বোনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

পরিবারের সদস্যরা জানান, আগামীকাল বৃহস্পতিবার পিয়াসের মরদেহ গ্রামের বাড়িতে আনার কথা রয়েছে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এদিকে, বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments