মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ১০ম গ্রেডের চারটি পদের অবশিষ্ট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রংপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর কাচারিবাজার এলাকায় শিক্ষা ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এবং মাউশির আঞ্চলিক পরিচালকের মাধ্যমে মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

চাকরিপ্রার্থীরা জানান, ২০২০ সালের ২২ অক্টোবর মাউশি ৪ হাজার ৩২টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ৩ হাজার ৪২২টি পদের নিয়োগপ্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নিয়োগ পাওয়া ব্যক্তিরা কর্মরত রয়েছেন। তবে একই বিজ্ঞপ্তির আওতায় ১০ম গ্রেডের চারটি পদের ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
অবশিষ্ট পদগুলোর মধ্যে প্রদর্শক পদে ৫১৪টি, গবেষণা সহকারী পদে ২১টি, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে ৬৯টি এবং ল্যাবরেটরি সহকারী পদে ৬টি রয়েছে।
আন্দোলনকারীরা জানান, এসব পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ সালের ২৫ এপ্রিল প্রকাশ করা হয়। একই বছরের ৪ মে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ৬ জুন শেষ হয়। কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।
চাকরিপ্রার্থী রসরাজ রায় বলেন, একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অন্য পদগুলোর নিয়োগ সম্পন্ন হয়ে প্রার্থীরা চাকরিতে যোগ দিয়েছেন। অথচ তাদের মৌখিক পরীক্ষা দেওয়ার দুই বছর পেরিয়ে গেলেও ফল প্রকাশ করা হচ্ছে না। এতে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
মাউশির নিয়োগ-২০২০ চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্য আকতারা আঁখি বলেন, তিনি প্রদর্শক (উদ্ভিদবিদ্যা) পদে মৌখিক পরীক্ষা দিয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফলাফল না পাওয়ায় তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তার দাবি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় ৭ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন। তাই দ্রুত ফল প্রকাশ করা উচিত।
ঐক্য পরিষদের মুখপাত্র লিটন কুমার বিশ্বাস অভিযোগ করেন, বিভিন্ন পর্যায়ে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা আটকে গেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হলেও মাউশিতে বিষয়টি দীর্ঘদিন ধরে আটকে আছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।
ঐক্য পরিষদের সভাপতি জোবায়ের আহমেদ বলেন, একই নিয়োগ বিজ্ঞপ্তির ২৮টি শ্রেণির ফল প্রকাশ করা হলেও চারটি শ্রেণির ফল আটকে রাখা হয়েছে। দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পার করেছেন। অনেকে বয়সসীমা পার হওয়ার পর্যায়ে রয়েছেন। এতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের বারবার মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হচ্ছে। দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগপ্রক্রিয়া শেষ করার দাবি জানান তিনি।
আন্দোলনকারীদের স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবশিষ্ট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল অনতিবিলম্বে প্রকাশ, ফল প্রকাশের পর দ্রুত নিয়োগসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা এবং নিয়োগপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে প্রার্থীদের স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য দেওয়া।
এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দ্রুত নিয়োগ সম্পন্ন করার দাবিও জানিয়েছেন তারা।
এ বিষয়ে মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক গোলাম মাজেদ বলেন, চাকরিপ্রার্থীরা তাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পাশাপাশি মহাপরিচালকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।



