রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের তেজগাঁও কলেজ মসজিদ থেকে ২৩ মুসল্লীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শুক্রবার বিকালে তাদের আটক করার পর সিটিটিসি তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ইন্দিরা রোডের তেজগাঁও কলেজ মসজিদে গতকাল বিকালে ২৩ জনকে গোপন বৈঠক করার তথ্য পায় গোয়েন্দারা। পরে সিটিটিসির একটি টিম ওই মসজিদে প্রবেশ করে বৈঠকরত ২৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়া তেজগাঁও থানা পুলিশের একটি টিমকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে সিটিটিসির সঙ্গে কথা বলতে বলেন এই প্রতিবেদককে।
সিটিটিসির প্রধান মোহাম্মদ শামসুল হক বলেন, সন্দেহজনক হওয়ায় আমরা ২৩ জনকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত জঙ্গি বা জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ পাওয়া যায়নি।



