হুট করে দুর্নীতি দমন কমিশনের পুরো কমিশন পদত্যাগ করায় আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন নতুন সরকারের দুদক চেয়ারম্যান। এছাড়া তার নতুন দুই কমিশনার কে হচ্ছেন-তা নিয়েও কমিশনের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এ আলোচনা চলছে। এ মুহূর্তে দুদক চেয়ারম্যান হিসেবে দুই জনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে একজন সাবেক বিচারক ও আরেক জন সাবেক আমলা।
দুদক চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারক মোতাহার হোসেনের নাম বেশি আলোচনায় রয়েছে। মোতাহার হোসেন একজন সৎ এবং সাহসী বিচারক হিসেবে পরিচিত ছিলেন।
এদিকে দুদক চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব এ বি এম শাহজাহানের নামও আলোচনায় রয়েছে। সাবেক এই সচিবও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া কমিশনার হিসেবে আরো কয়েক জনের নাম আলোচনায় রয়েছে।
বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী সরকার মনোনীত একটি বাছাই কমিটি কমিশন চেয়ারম্যান ও কমিশনারদের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। রাষ্ট্রপতি ঐ তালিকা থেকে কমিশন চেয়ারম্যান ও চার জন কমিশনারের নাম অনুমোদন দেবেন। সর্বশেষ সংশোধনী অনুযায়ী কমিশনের সদস্য সংখ্যা পাঁচ জন করা হয়েছে। এর মধ্যে একজন নারী সদস্য রাখার বিধান আছে।
চার কমিশনারের মধ্যে প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ এমন একজকে রাখার বিষয়ও উল্লেখ আছে। সে হিসেবে এবার কমিশনে বাধ্যতামূলকভাবে একজন নারী কমিশনার এবং একজন প্রযুক্তি বিশেষজ্ঞ যোগ দিবেন। যা আগের কমিশনগুলোতে ছিল না।
আকস্মিকভাবে গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। সরকার এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে।



