চুয়াডাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠান মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে এ তদারকি পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মামুনুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের মালিক শহিদুল হক বিশ্বাসকে ২৫ হাজার টাকা ও সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আজগার আলী বিশ্বাসকে একই আইনে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টিম।



