শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনসহ চার পরিচালক নিয়োগ

কবি রেজাউদ্দিন স্টালিনকে (শেখ রেজাউদ্দিন আহমেদ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে একাডেমির চারটি বিভাগে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ (প্রশিক্ষণ বিভাগ), গণমাধ্যমবিশেষজ্ঞ ড্যানিয়েল আফজালুর রহমান (প্রযোজনা বিভাগ), শিল্প-গবেষক সালমা জামাল মৌসুম (গবেষণা ও প্রকাশনা বিভাগ) এবং নাট্যব্যক্তিত্ব দীপক কুমার গোস্বামী (নাটক ও চলচ্চিত্র বিভাগ)। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নেতৃত্বের অধীনে শিল্পকলা একাডেমি আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠিত হবে। অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশ, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন কৌশল গ্রহণ, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক আইকন ও ঘটনাবলি উদ্যাপনÑসব বিষয় অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমি নতুন বিভাগ খোলার উদ্যোগ নেবে, যাতে শিল্পকলার গুরুত্বপূর্ণ শাখাগুলোকে অন্তর্ভুক্ত করা যায়। এশিয়ান আর্ট বায়েনাল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্য উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী রেজাউদ্দিন আহমেদকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তিনি কবি রেজাউদ্দিন স্টালিন নামে সমধিক পরিচিত। আশির দশকে তিনি জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব ছিলেন। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। রেজাউদ্দিন স্টালিন এর আগে নজরুল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার লেখনীতে সবসময় মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অন্যায়ের প্রতি প্রতিবাদ এবং সৌন্দর্যকে ভিন্নমাত্রায় প্রকাশ করার এক অনন্যতা লক্ষণীয়। স্টালিন ২০২২ সালের ইউক্রেনের নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ লাভ করেছেন। এই পুরস্কারটি ইউক্রেন লেখক ইউনিয়ন ও চেরেনোভিস ক্লাব যৌথভাবে প্রদান করে থাকে। কবি রেজাউদ্দিন স্টালিনের গ্রন্থ সংখ্যা ৪৫। তার কবিতা বহু ভাষায় অনুদিত হয়েছে।
উল্লেখ্য গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। পরে গত বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়, পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।
কিন্তু মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। এরপর ৪ মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এরপর গত ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
এর এক সপ্তাহের মাথায় সেই দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments