বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার-২০২৫ প্রথম পর্যায়ের যৌথ কার্যক্রমের অংশ হিসেবে বিমান বাহিনীর তত্ত্বাবধানে জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার ঢাকার কুর্মিটোলাস্থ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে গতকাল মঙ্গলবার সমাপ্ত হয়েছে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এবং সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে কারিগরি অধিবেশন এবং আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এসময় আলোচনার মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতি, নীতিগত দৃষ্টিভঙ্গি এবং প্রতিরক্ষা ও বেসামরিক বিমান খাতে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়াও সামরিক কার্যক্রমে জ্বালানি স্থিতিস্থাপকতা সংযোজনের কৌশল ও পরিবেশবান্ধব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
আইএসপিআর



