ইসরাইল থেকে মুক্তি পেয়ে একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও অধিকার কর্মী শহিদুল আলম। ইস্তাম্বুলে পৌঁছানোর পর শহিদুল আলমকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। শিগগিরই তিনি দেশে ফিরবেন। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তুরস্কের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রেস উইং জানায়, গতকাল বিকেলে ইসরাইল থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করেছে। এই ফ্লাইটে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরাইল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়পে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার কনশানস জাহাজ থেকে ইসরাইলি দখলদার বাহিনী শহিদুল আলমসহ বিভিন্ন দেশের অধিকার কর্মীদের আটক করে। এরপর তাদের নিয়ে যাওয়া হয়েছিল ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে। অবশেষে গতকাল সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তিনি।



