স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং দেশের আর্থিক খাতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অর্থসচিব এম মতিউল ইসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। বৃহস্পতিবার সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আজ শুক্রবার জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অর্থসচিব এম মতিউল ইসলামের কর্মজীবন শুরু হয় ১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার মাধ্যমে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশের প্রথম অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় যুদ্ধবিধ্বস্ত দেশের ভঙ্গুর আর্থিক কাঠামো পুনর্গঠন এবং ব্যাংকিং খাতের জাতীয়করণে তার ভ‚মিকা ছিল অসামান্য। তিনি শিল্পসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, ভিয়েনায় ইউনিডো/বিশ্বব্যাংক কো-অপারেটিভ প্রোগ্রামের প্রধান এবং ভারতে ইউনিডোর কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন।
শিক্ষাজীবনে অর্থসচিব এম মতিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন এবং শ্রেণিতে প্রথম হন। পরে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কাজের স্বীকৃতি হিসেবে অর্থসচিব এম মতিউল ইসলাম ২০১১ সালে ডিএইচএল-গণমাধ্যম ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পান। এ ছাড়া ২০২১ সালে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) তাকে আজীবন সম্মাননা প্রদান করে।



