কাজী নজরুলের পাশে চিরনিদ্রায় সমাহিত হবেন ওসমান হাদি

জাতীয় পতাকায় ঢাকা কফিনে দেশে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইট আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমানের এই ফ্লাইট সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদি সাত দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদি। শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তার মরদেহ সমাহিত করা হবে। হাদির মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

হযরত শাহজালাল বিমানবন্দরে বিমান থেকে মরদেহ নামানোর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন।

সেখানে তারা হাদির কফিন ছুঁয়ে কিছু সময় নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে মরদেহ লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে নেয়া হয়।

বিমানবন্দরের কার্গো শাখার ৮ নম্বর গেটের সামনে লাশবাহী ফ্রিজিং ভ্যান দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়। এসময় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। লাশবাহী গাড়িটি ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরের উদ্দেশ্যে রওনা দেয়, তখন রাস্তার দুই দিকে দাঁড়িয়ে থাকা ছাত্র-জনতার চোখে মুখে কান্নার রোল দেখা যায়। অনেকেই বিক্ষুব্ধ হয়ে হাদি হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার শ্লোগান দিতে থাকেন।

অনেকেই মোটরসাইকেলে করে লাশবাহী ফ্রিজিং ভ্যানটিকে অনুসরণ করতে থাকেন। এই গাড়িতেই তাদের প্রিয় বীর শহীদ হাদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় ৩০ মিনিটের মধ্যে লাশবাহী ফ্রিজিং ভ্যানটি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে প্রবেশ করতে দেখা যায়। এসময় হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের শত শত কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

হিমঘরে লাশ রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেন।
হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য এক বার্তায় বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বার্তায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

মরদেহ বিমানবন্দর থেকে হিমঘরে উদ্দেশে নিয়ে রওনা হওয়ার পর ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে এক পোস্টে মরদেহ রেখে শাহবাগে অবস্থান নেওয়ার কথা জানায়। ওই পোস্টে জানানো হয়, পরিবারের দাবীর ভিত্তিতে শহিদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে শুক্রবারের পরিবর্তে শনিবার মিছিলসহ হাদির মরদেহ ঢাকা বিশ^বিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে।

পোষ্টে ছাত্র জনতা শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার নির্দেশনা দেওয়া হয়। যাতে কোনো গোষ্ঠি অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে, সহিংসতারও সুযোগ না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে পোষ্টে সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া করার অনুরোধ করা হয়।

গত ১২ ডিসেম্বর দুপুর ২ টা ২০ মিনিটে রাজধানীর মতিঝিলের বক্সকালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোচপার করে গুলির অংশ বের করা হয়। রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে রেফার্ড করা হয়। গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়া ঘোষণা দিয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments